আলিয়ঁস ফ্রঁসেজে বিপুল শাহের একক চিত্রকর্ম প্রদর্শনী

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী বিপুল শাহের ভঙ্গুরতায় পথচলা-২ শীর্ষক অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। যাপিত জীবনে সমাজ, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ আর নানা বাস্তবতার চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে চলে সময়। পথ চলতে চলতে সমাজের নানা অভিজ্ঞতা প্রতিদিন জমা হয় শিল্পীর চেতনে, অবচেতনে। আর তা অসাধারণভাবে উঠে আসে ক্যানভাসে।তাঁর ক্যানভাসে উঠে এসেছে অতি সাধারণ মরচে পড়া টিন, ভাঙ্গা জানালা, শেঁওলা জমা দেয়াল, পোকায় খাওয়া কাঠ ইত্যাদি। শিল্পকর্মগুলোয় দর্শক পাবেন স্বপ্ন আর দুঃস্বপ্নের সংঘাত। যা সমানে জীবনকে ইতিবাচকতার দিকেই শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়।
 
শিল্পী বিপুল শাহ বলেন, চলতি পথের নানা ঘটনা, অভিজ্ঞতা মনে ছাপ ফেলে। সেসব স্মৃতির টুকরো টুকরো অনুভূতির উপস্থাপন ক্যানভাসে।
 
শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক আলভী। সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো প্লাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী বিপুল শাহ।
 
শিল্পী বিপুল শাহ ১৯৬৭ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। দেশে এবং বিদেশে তিনি এর আগে ৭টি একক ও অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ভঙ্গুরতায় পথচলা-২ তাঁর অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। উল্লেখ্য ভঙ্গুরতায় পথচলা  শিরোনামে এর আগে ২০০৭ সালে গ্যালারি কায়ায় শিল্পীর একক প্রদর্শনী হয়েছিল।
 
প্রদর্শনীতে প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ২৫ মার্চ পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।