বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিতভাবে ইপিজেড, ইকনোমিক জোন বা বিসিক নির্ধারিত স্থানে শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। যে সব শিল্প প্রতিষ্ঠান আগে গ্যাস ব্যবহার করে জেনারেটর চালাতেন তাদের এখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা উচিত। আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি করা হবে। তখন গ্যাসের সমস্যা অনেকটাই দূর হবে।
শুক্রবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো (প্রদর্শনী) ও গ্রিন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা এক্সপোনেট ও থ্রিসিক্সটি ডিগ্রি এ অনুষ্ঠানের আয়োজন করে। তিন দিনব্যাপী এ আয়োজন রবিবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
নসরুল হামিদ বলেন, ভবিষ্যতের বাংলাদেশের চাহিদা ও প্রযুক্তির পরিবর্তনকে মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গ্রীন (সবুজায়ন) প্রকল্পে যে সহায়তা করে তা বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রকল্পে কম সুদে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং স্রেডাকেই (নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ) এর দায়িত্ব নিতে হবে।
রামপাল প্রকল্পের বিরোধিতাকারীদের বাস্তবতাও বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশবিদ ও পরিবেশবাদীদের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য আমরা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড লিমিটেড’র নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম, ইএনথ্রি সাসটেনেবল সল্যুউশন লিমিটেডের পরিচালক সিথারাম রাম ও পাওয়ার এন্ড এনার্জি ম্যাগাজিনের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন।