খুলনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

খুলনায় ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সিরাজ নিকারী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার লক্ষ্মিকাঠি গ্রামের আড়িয়া ঘাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘেরে ঘাস কাটার সময় লক্ষ্মিকাঠি গ্রামের মজিদ নিকারী ও তার ছেলেরা সিরাজ নিকারীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান। 
 
নিহতের ছেলে সাইফুল নিকারী অভিযোগ করেন, প্রতিবেশীদের সঙ্গে ঘের নিয়ে তাদের বিরোধ রয়েছে। এর জের ধরেই তার পিতাকে হত্যা করা হয়েছে। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।