নিউক্যাসলের কোচ হলেন রাফা বেনিতেজ

নিউক্যাসল ইউনাইটেডের কোচ হয়েছেন গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া রাফায়েল বেনিতেজ। স্পেনের এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
 
সদ্য সাবেক হয়ে যাওয়া কোচ স্টিভ ম্যাকলারেনের অধীনে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৮ ম্যাচে মাত্র ছয়টিতে জয় পায় নিউক্যাসল। সর্বশেষ লিগ ম্যাচে বোর্নমাউথের কাছে নিউক্যাসল ৩-১ গোলে হারের পর ম্যাকলারেনের ছাঁটাই হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
 
নতুন দায়িত্বের শুরুতে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বেনিতেজের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। নিউক্যাসল এ মুহূর্তে ২৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগে অবনমন অঞ্চলে রয়েছে। লম্বা বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার খবর নিশ্চিত করে নতুন চ্যালেঞ্জ জিততে সবাইকে পাশে পাওয়ার আশাবাদ জানিয়েছেন তিনি। এই চ্যালেঞ্জটা কেবল আমার বা আমার স্টাফদের নয়, এটা খেলোয়াড়, ক্লাব এবং সমর্থকদের জন্যও চ্যালেঞ্জিং। একই পথে এবং মনে একই লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে অবশ্যই একসঙ্গে সামনের দিকে এগুতে হবে। কাজটা সফলভাবে করার জন্য আমি আপনাদের সকলের সম্পূর্ণ সমর্থন চাচ্ছি।
 
ইংলিশ প্রিমিয়ার লিগেরই দল লিভারপুলের কোচ হিসেবে ছয় বছর কাটিয়েছেন বেনিতেজ। ২০০৫ সাল তার হাত ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে দলটি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১৩ সালে চেলসিকেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতান বেনিতেজ। ৫৫ বছর বয়সী এই কোচ সর্বশেষ দায়িত্ব পালন করেন রিয়ালের। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার সময়টা ভালো কাটেনি; সাত মাস চাকরি করার পর গত জানুয়ারিতে বরখাস্ত হন তিনি। এছাড়া কোচিং ক্যারিয়ারে ইন্টার মিলান ও ভ্যালেন্সিয়ার মতো বড় দলেরও দায়িত্বে ছিলেন বেনিতেজ। গোল.কম।