লক্ষ্মীপুর সদর উপজেলায় কালী বাজারের মোবাইল ব্যবসায়ী রাজিব হোসেনকে অপহরণের ১২ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার সকালে বাজারের পাশের খালপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী রাজিব হোসেন বিজয়নগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মোবাইল ফোনে রাজিবকে দোকান থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল রাজিব। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সঙ্গে এক লক্ষ ৭০ হাজার টাকা ছিল।
ধারণা করা হচ্ছে, এ টাকার জন্য তাকে অপহরণ করা হয়েছে। উদ্ধারকালে তার কাছে কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান, অপহরণের বিষয়টি শুনেছি। অপহরণ না অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।