ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুইপক্ষের লোকজন প্রায় পাঁচটি ঘর ব্যাপক ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘারুয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য জুলহাস মাতুব্বরের সাথে এলাকার সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর আধপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন সকালে হাজী আঃ রসিদ ও রতন সেকের একটি জায়গার সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষর কথা কাটাকাটি হয়। সংবাদ পেয়ে ঘারুয়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা মীমাংসার জন্য কিছু পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যায়। পরে উত্তেজনার সৃষ্টি হয় এবং তখন গ্রাম সংঘর্ষে জড়িয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানায়, সংঘর্ষের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।