কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ ও আনসারের ছয় সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ব্যাটেলিয়ন আনসার সদস্য সুলতান আহমদ (৫২), পুলিশের এসআই সুবীর পাল (২৯), কনস্টেবল দিদারুল আলম (২৪), মো. আলাউদ্দিন (২৭), আনসার সদস্য শহিদুল ইসলাম (৪৮) ও গাড়ির চালক মোহাম্মদ শুক্কুর (৩০)। সুলতানকে কক্সবাজার সদর হাসপাতালে এবং অন্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ‘হ্নীলার লেদা এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদার বাড়িতে ইয়াবা মজুদের খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে নুরুল হুদার বাড়িতে থাকা লোকজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আশেপাশের বাড়ির লোকজনও হামলা চালায়। এ সময় বাড়ির সীমানা দেওয়াল পেরিয়ে নুরুল হুদা পালিয়ে যান। নুরুল হুদা প্রথম দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।