বিদেশি সহায়তা নেয়ার দিন শেষ : মশিউর রহমান

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশের বিদেশি সহায়তা নেয়ার দিন শেষ। এখন দেশের সম্পদ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সরকারকে সব সময় বিনিয়োগ করতে হবে বিষয়টি এমন নয়। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
 
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৫৫ বর্ষপূতি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ড. মশিউর রহমান বলেন, দেশে বেসরকারি মেডিকেল, বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে যখন তখন এগুলো বন্ধ করে দেয়ার জন্য বলা হচ্ছে। তবে মান না থাকলে তা ঠিক করতে হবে, বন্ধ করে দেয়া যাবে না। আবার নিয়ন্ত্রণের নামে আমাদের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে।
 
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মো. মনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সরকারি কর্মকমিশনের সদস্য সমর পাল ও রাবি পুর্নমিলনী কমিটির সভাপতি মো. সোহরাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম অধ্যাপক খন্দকার মনোয়ার হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও পুর্নমিলনী কমিটির সভাপতি মো. সোহরাব উদ্দিনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
 
এর আগে সকালে ‘সাবাস বাংলাদেশ’ চত্তরে পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন পরিসংখ্যান বিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান; সমাপনী ও দ্বিতীয় দিন রবিবার সকাল ৯টায় সিনেট ভবনে ‘স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।