অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুশাসন শক্তিশালী করার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের সংবিধানে এ নিরীক্ষা আপত্তির বিষয়ে সুনির্দিষ্ট দপ্তরের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই পেশাদারিত্ব নিয়ে অডিট কার্যক্রম পরিচালনার জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রিপরিষদ বিভাগ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর যৌথ উদ্যোগে ‘অডিট আপত্তি নিষ্পত্তি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক গ্রুপের ‘কমিউনিটি অব প্র্যাকটিস অন পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইন সাউথ এশিয়া’ প্রোগ্রামের আওতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইডিজির নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান। সরকারি দপ্তর/সংস্থাসমূহের দীর্ঘদিনের পুঞ্জিভূত নিরীক্ষা আপত্তি যথাযথভাবে নিষ্পত্তির বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় করাই এই সেমিনারের মূল উদ্দেশ্য।
নিরীক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সরকারের সচিব/অতিরিক্ত সচিব ও বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ এই সেমিনারে অংশ গ্রহণ করেন।
সরকারের সাবেক সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ তাদের মতামত ব্যক্ত করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক রেজাউদ্দীন এম. চৌধুরী।