দেশের কোথাও গণতন্ত্র নেই : হাফিজ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন বাংলাদেশের কোথাও গণতন্ত্র নেই। সর্বত্রই চলছে স্বৈরতন্ত্র। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সে স্বপ্ন আজ ধ্বংসের পথে।
 
শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, আসন্ন জাতীয় কাউন্সিল শেষে আসছে হাসিনা হঠানোর আন্দোলন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আন্দোলনের ডাক দিবেন। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর প্রতিক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইশতিয়াক আজিজ ইলফাত, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটিএম ফয়েজ, সদর থানা বিএনপির সাবেক সভাপতি শাহ জামান নুরুল হুদা, জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ নাজমুল আহসান, সহ-সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সুহাদ রব চৌধুরী  প্রমুখ।