ওমানের বিপক্ষে খেলবেন তাসকিন, সানি থাকবেন চেন্নাইয়ে

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে ওমানের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন পেসার তাসকিন আহমেদ। তবে আরাফাত সানিকে পরীক্ষা দিতে যেতে হবে চেন্নাইয়ে।
 
গত বুধবার (০৯ মার্চ) নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মাঠ আম্পায়ার সুন্দরম রবি ও রড টাকার বাংলাদেশি দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাসকিন ও সানির বিরুদ্ধে ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের লিখিত অভিযোগ দেন আম্পায়াররা।
 
এজন্য শনিবার চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যেতে হয়েছে আরাফাত সানিকে। একই পরীক্ষা দিতে আগামী সোমবার চেন্নাইয়ে যাবেন তাসকিন।
 
তবে পরীক্ষার ফল না জানা পর্যন্ত পরবর্তী ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন বোলাররা। সেই অনুযায়ীই আয়ারল্যান্ডের বিপক্ষে ভেস্তে যাওয়া ম্যাচে দলে ছিলেন তাসকিন। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে সোমবার (১৪ মার্চ) দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন আরাফাত সানি। বাছাই পর্ব উতরে গেলে আগামী বুধবার (১৬ মার্চ) পাকিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে সানিকে দলে পাওয়া যাবে।