পূর্ব বিচ্ছিন্নতাবাদি এলাকায় দুই ইউক্রেন সৈন্য নিহত

ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ইউক্রেনি সৈন্য নিহত হয়েছেন। এক সামরিক মুখপাত্র শনিবার কিয়েভে এই কথা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
 
প্রায় দুই বছরের কাছাকাছি সময় ধরে চলমান যুদ্ধ সংকট সমাধানে গত সপ্তাহে ফ্রান্সে বৈঠকের পর সর্বশেষ এই হতাহতের ঘটনা ঘটলো। মস্কো ও কিয়েভ এ বিষয়ে বলেছে, 'তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে নির্বাচনের ব্যপারে সম্মত হতে পারেনি।'
 
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেঙ্কো বলেন, নিহত দুই সৈন্যের মধ্যে এক সৈন্য বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী দোনেৎস্কের ঠিক বাইরে আভদিরিভকায় মর্টার হামলায় নিহত হয়েছেন।
 
লাইসেঙ্কো আরও জানান, ইউক্রেনি সৈন্যরা দোনেৎস্ক থেকে ২৫ কিলোমিটার পূর্বদিকে স্থল হামলার সম্মুখীন হলে দ্বিতীয় সৈন্য নিহত হন। এ হামলায় অপর এক সৈন্যও আহত হন। লাইসেস্কো বলেছেন, গত দিনে বিদ্রোহী হামলা ও উত্তেজনা প্রবলভাবে বেড়ে গেছে।