সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, 'সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আগামী এপ্রিলে জাতীয় কর্মশালা আয়োজন করা হবে।'
মন্ত্রী রবিবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা পর্যালোচনা বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের এই কথা জানান। সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনে স্টিকার স্থাপনের ইতোপূর্বে গৃহিত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন, মালিকানা, যানবাহন কর ও ফিটনেসসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ থাকবে, সে সকল যানবাহনকে স্টিকার প্রদান করা হবে।
এই স্টিকার প্রতিটি যানবাহনের সামনের আয়নায় স্থাপন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ট্রাক ও কাভার্ড ভ্যানের চেসিসের আয়তন অবৈধভাবে বৃদ্ধিরোধসহ বিভিন্ন অনিয়ম বন্ধে এলজিআরডি প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় সুপারিশমালাসহ প্রতিবেদন জমা দেবে। কমিটিতে বুয়েট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ সদস্য থাকবেন।