‘জঙ্গি তৎপরতা ঠেকাতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার  মনিরুল ইসলাম বলেছেন, দুই জঙ্গি সংগঠনের নাশকতার মুখে নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা করা হচ্ছে।
 
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
সম্প্রতি জঙ্গি প্রতিরোধে গঠিত ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের এসব তথ্য অপব্যবহারের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন।
 
তিনি বলেন, নগরবাসীর সামগ্রিক নিরাপত্তার জন্যই আমরা এই কাজ করছি। জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম- মূলত এই দু’টি জঙ্গি সংগঠনের কার্যকলাপে বাধ্য হয়ে নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবতে হচ্ছে।
 
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ১৫ মার্চের মধ্যে সকল নগরবাসীর তথ্য সংগ্রহ করার। যদি এ সময়ের মধ্যে করতে না পারি তাহলে কিছু সময় বাড়ানো হবে। তবে এই মাসের মধ্যে শেষ হবে। 
 
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানায় বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের একাধিক ঘটনার পর গত বছরের নভেম্বর থেকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।