বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে এবার তিন তিনটি মাইলফলক স্পর্শ করার সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নেমে তিনি এই তিনটি মাইলফলক ছোঁয়ার সুযোগ পাচ্ছেন।
এ ম্যাচেই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে অর্ধশত ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সাকিব। এর আগে টাইগারদের একমাত্র ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া ওমানের বিপক্ষে আর মাত্র ২১ রান করলেই সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করবেন।
টাইগারদের হয়ে এক হাজার রান ছোঁয়ার সুযোগ রয়েছে তামিমের সামনেও। টাইগারদের ড্যাশিং ওপেনার তামিমের প্রয়োজন ১১ রান। সাকিব এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ৯৭৯ রান সংগ্রহ করেছেন। তার ইনিংস সর্বোচ্চ ৮৪ রান রয়েছে। ২২.৭৬ ব্যাটিং গড়ে সাকিবের ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৪৬।
আর ৫০টি টি-টোয়েন্টি উইকেট ও সঙ্গে এক হাজার রান নিয়ে সাকিব বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন। ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৫৭। এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছেন ৯৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পাকিস্তানের শহীদ আফ্রিদি।