ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০০৩ সালে শাহজালাল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে রবিবার ময়মনসিংহের একটি আদালত নয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
এছাড়াও তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ময়মনসিংহের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির রবিবার এই রায় ঘোষনা করেন।
কারাদন্ডে দন্ডিতরা হলেন- আকরাম হোসেন, মো. গিয়াসউদ্দিন, ইমদাদুল হক, ইরশাদুল হক, সাইদুল ইসলাম, বাচ্চু মিয়া, ইদ্রিস আলী, জুয়েল ও হেলালউদ্দিন। দন্ডিতরা সবাই উপজেলার ভাটিরচর নওপাড়া গ্রামের বাসিন্দা।
এদের মধ্যে গিয়াসউদ্দিন, ইমদাদুল ও ইরশাদুল ছাড়া অন্যরা পলাতক রয়েছে। এছাড়াও মামলার অপর দুই অভিযুক্ত বিচার চলাকালে মারা যায়।
মামলার বিবরনে প্রকাশ করা হয়, ঈশ্বরগঞ্জ উপজেলায় ভাটিরচর নওপাড়া গ্রামের শাহজালাল-এর সাথে প্রতিবেশিদের জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ২০০৩ সালের ১৮ মে সকালে প্রতিপক্ষের হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহজালাল নিহত হন।
ঘটনার পরদিন শাহজালালের স্ত্রী নূরজাহান এ ব্যাপারে দন্ডিতদের সহ ২৫ জনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।