'পূর্বাচলে ৪৮ কিলোমিটার দীর্ঘ লেক তৈরি করা হচ্ছে'

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'পূর্বাচলকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকার সব ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে।'
 
রবিবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
সম্মলনে মন্ত্রী বলেন, 'পূর্বাচল নগরীতে ৪৮ কিলোমিটার দীর্ঘ একটি লেক তৈরি করা হচ্ছে। রাজউকের উত্তরা দিতীয় প্রকল্পেটিও যাতে গ্রীণ সিটি হিসেবে গড়ে ওঠে তার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।' সেইসঙ্গে তিনি পরিকল্পিতভাবে শিল্পকারখানা স্থাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান ।
 
সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎ সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ারকন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ এবং বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করে।
 
গত ১১ মার্চ সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট শুরু হয়।