সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঁচলিয়া বাজারে দুর্ঘটনায় হোমিওপ্যাথী চিকিৎসক আব্দুল হান্নান (৪০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টার প্রাইজের একটি যাত্রী বোঝায় কোচ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি চা-স্টল ও ওষুধের দোকানের উপর চাপা পড়লে ৬ জন আহত হয়।
 
খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মারা যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে।