নারাণগঞ্জে লিখন হত্যা: ৩ জন রিমান্ডে

নারায়ণগঞ্জে চোর আখ্যায়িত করে ট্রলার শ্রমিক লিখনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
রবিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমাম এ আদেশ দেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ জানান, ওই হত্যা মামলার আসামি সাদ্দাম, তার ভাই সানি ও সহযোগী টিটুকে তিন দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আদেশ দেয়া হয়েছে। 
 
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, লিখন হত্যার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
গত বৃহস্পতিবার চোর আখ্যা দিয়ে উপজেলার শান্তিনগরের বাড়ি থেকে লিখন এবং তার দুই বন্ধু জামাল হোসেন ও হৃদয়কে তুলে নিয়ে যায় একই এলাকার চার ভাই সাদ্দাম, মনসুর, বায়েজিদ ও সানি। পরে তাদের বাড়িতে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে লিখনকে।
 
পুলিশ ও এলাকাবাসী গিয়ে লিখনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত জামাল ও হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় নিহতের ভাই রিয়াজ বাদী হয়ে চার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।