নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার। এদিন ৪১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার নিকট নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেসা শাম্মী জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল পাঁচটা পর্যন্ত আটটি ইউনিয়নে আটজন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে চারজন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।
চেয়ারম্যান পদে প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, আগ্রাদ্বিগুন ইউপিতে আব্দুর রঊফ, আড়ানগর ইউপিতে আদিল আহমেদ, খেলনা ইউপিতে আল আমিন, মাসুদ পারভেজ, আলমপুর ইউপিতে প্রভাষক রুহুল আমিন, আবু সাঈদ সিদ্দিকী, ইসবপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান আখতারুর ইসলাম সরদার ও মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক।
উল্লেখ্য, আগামী ১৪ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৩১ মার্চ বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে জানা গেছে।