টুইটারে বাংলাদেশি সমর্থককে ব্যঙ্গ করলেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশ-ওমান ম্যাচের আগে ওমানের জয় প্রত্যাশা করে টুইট দিয়েছিলেন। এরপর বাংলাদেশের এক সমর্থক প্রত্যুত্তর দিলে ব্যঙ্গাত্মক উত্তর দিয়েছেন এই ভারতীয় স্পিনার।
 
বাংলাদেশ-ওমান ম্যাচের শুরুতে অশ্বিন টুইটারে দেয়া এক পোস্টে বলেন, বাংলাদেশ-ওমান ম্যাচের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। যদি বাংলাদেশ জেতে, তাহলে তাদের পুরো দেশ খুশি হবে। আর ওমান জিতলে ক্রিকেট খুশি হবে। টুইটারে অশ্বিনের এই পোস্টের কড়া সমালোচনা করতে থাকে বাংলাদেশি সমর্থকরা। আজাদ নিক নামের এক টুইটার একাউন্ট থেকে অশ্বিনের রিটুইট করে বলেন, আমার মনে হয় তুমি ওমানের জয় প্রত্যাশা করছো কারণ তোমরা বাংলাদেশকে এড়াতে চাইছো। অশ্বিন এর জবাবে চুপ না থেকে বলেন, আমি তোমার টুইটটা আর্কাইভ করে রাখার কথা ভাবছিলাম। তবে এক মিনিট চুপ করে ভেবে দেখলাম এটা হয়তো আমার সময়ের অপচয় হবে।  
 
এছাড়া তামিমের সেঞ্চুরির পরেও তাকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন অশ্বিন। উল্লেখ্য, গতকাল ওমানকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫৪ রানে হারিয়ে সুপার টেনের জন্য কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ। মার্চ মাসের ২৩ তারিখ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।