থাইল্যান্ডের প্রধান একটি ব্যাংকের সদরদপ্তরে দুর্ঘটনাবশত অগ্নি নির্বাপক যন্ত্রের রাসায়নিক পদার্থ নির্গত হয়ে আটজনের প্রাণহানি ও সাতজন আহত হয়েছে। নির্গত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এসব লোকের মৃত্যু ঘটে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম সিয়াম কমার্শিয়াল ব্যাংকের (এসসিবি) ভূগর্ভস্থ তলায় রোববার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এসসিবি জানায়, ঠিকাদাররা ওই ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মান উন্নয়নে কাজ করার সময় দুর্ঘটনাবশত: এসবের বিস্ফোরণ ঘটে। ফলে অগ্নি নির্বাপক এসব যন্ত্রে থাকা রাসায়নিক পদার্থ নির্গত হয়ে বাতাসে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায় এবং এসব লোকের মৃত্যু ঘটে।
ব্যাংককের ইরাওয়ান জরুরী হাসপাতাল কেন্দ্র জানায়, সেখানে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে তিনজন মারা যায়। হাসপাতাল কেন্দ্র আরো জানায়, এ ঘটনায় সাতজন আহত হয় এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এএফপি।