সাতক্ষীরা সীমান্তে গ্যাস সিলিন্ডার ও ফেনসিডিল জব্দ, আটক ১

সাতক্ষীরা সীমান্তে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ও পিকাপ ভর্তি ফেনসিডিল জব্দ করছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিলবাহী পিকাপের চালক হাসানুজ্জামান হাসানকে। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। জব্দকৃত ট্রাক ও পিকাপসহ মালামালের মূল্য ৪৮ লাখ ২৯ হাজার টাকা।
 
সোমবার ভোরে সাতক্ষীরা সীমান্তের লক্ষিদাড়ী ও আলীপুর চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ভোমরা সীমান্তে নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০৬টি সিলিন্ডারসহ ট্রাকটি জব্দ করে।
 
এদিকে, সীমান্তের আলীপুর চেকপোস্ট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা পিকাপ ভর্তি আমাদানি নিষিদ্ধ সাত শ ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসময় ফেনসিডিলবাহী পিকাপের চালক হাসানুজ্জামান হাসানকেও আটক করা হয়।