রাজপুত্রের জন্ম, তাই এক লাখ গাছ লাগাল ভুটান

 
ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ও রাণি জেটসুন পেমার ঘরে এসেছে তাদের প্রথম সন্তান। আর এই উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছিল দেশটির জনগণ।রাজপুত্রের জন্ম উপলক্ষে এক লাখ আট হাজার গাছ রোপণ করেছেন তারা।
 
গত ৫ ফেব্রুয়ারি রাজা খেসার ও রাণি পেমা তাদের প্রথম সন্তান জন্ম হওয়ার বিষয়টি ঘোষণা করেন। এরপর দেশের মানুষ এক লাখ আট হাজার গাছের চারা রোপণ করেন। প্রত্যেকটি গাছে নবজাতকের জন্য এক একটি প্রার্থনা সেঁটে দেয়া ছিল।
 
দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুন্দর ও সহানুভূতির প্রতীক গাছকে বৌদ্ধ ধর্মে পবিত্র হিসেবে গণ্য করা হয়।
 
গাছের চারা রোপণ করার ক্ষেত্রে এক লাখ ৮ হাজার সংখ্যাটিই মানা হয়েছিল। কেননা, বৌদ্ধরা ১০৮ সংখ্যাটি পবিত্র সংখ্যা মনে করে।
 
৮২ হাজার পরিবার একটি করে গাছ লাগিয়েছে। আর ২৬ হাজার গাছ লাগিয়েছেন সমন্বয়করা।
 
এর আগে গত বছর এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২ গাছের চারা রোপণ করে বিশ্বরেকর্ড গড়েছিল ভুটান। সূত্র: ডেইলি ভাস্কর।