আব্দুল্লাহপুর-মতিঝিল সড়কে নারীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে। মঙ্গলবার থেকে বিআরটিসির আরেকটি বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুর ১২টার দিকে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এমন নির্দেশ দেন তিনি।
মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের জানান, মঙ্গলবার সকাল ৭টায় আব্দুল্লাহপুরের বিআরটিসি কাউন্টার থেকে মহিলা সার্ভিসের বাসটি যাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বর কাউন্টার পর্যন্ত যাবে। ফিরতি পথে শাপলা চত্বর থেকে আবার আব্দুল্লাহপুর বাস কাউন্টার পর্যন্ত চালু থাকবে এই বিশেষ সার্ভিসটি।