ঢাকায় পৌঁছেছে মালয়েশিয়ার রেড জায়ান্ট খ্যাত ফুটবল ক্লাব সেলাঙ্গর এফএ। শেখ জামালের বিপক্ষে এএফসি কাপে গ্রুপ ‘ই’তে ম্যাচ খেলতে আজ রবিবার ঢাকায় পা রাখে দলটি।
দলটিতে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাওলো অলিভি, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার রবার্ট করনথওয়েট, লাইবেরিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিস ডো ও ইন্দোনেশিয়ান মিডফিল্ডার অন্দিক ভেরমানসায়াহ।
৩৩ বারের মালয়েশিয়া কাপ চ্যাম্পিয়ন সেলাঙ্গর এর সাফল্যের বিচারে তাদের ধারে কাছে নেই কোনও মালয়েশিয়ান ক্লাব। ঢাকায় এসেই অনুশীলনে নেমে পড়েছে দলটি।
মঙ্গলবারের ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করেছে দলটি। দলে আছেন মালয়েশিয়া জাতীয় দলের চার জন খেলোয়াড়। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলেছিল মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। সে দলের হয়ে খেলেছিলেন মিডফিল্ডার আদম নর আজলিন। তিনিই একমাত্র সেলাঙ্গর খেলোয়াড় যার রয়েছে ঢাকার মাঠে খেলার অভিজ্ঞতা।
এর আগে চারবার এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলেছে সেলাঙ্গর। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ও ২০১৩ সালে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল তারা।
কোচ জায়নাল আবেদিন হাসান বিন আলি মালয়েশিয়ার ফুটবল কিংবদন্তিদের একজন। ১৯৮৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে ১৩৮টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল করেছেন ৭৮টি। সেলাঙ্গরের হয়ে ১৯৮৫ খেতে ১৯৯০ সাল পর্যন্ত ১২৯ ম্যাচে ৯৭টি গোল করেছেন মালয়েশিয়ার এই কিংবদন্তি। সবশেষে ১৯৯৯ সালে এই ক্লাবেই অবসর নেন এই কোচ। এএফসি কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ১-০ গোলে সিংগাপুরের ট্যাম্পাইন রোভার্সের কাছে হেরেছে সেলাঙ্গর।