ব্যাংককে রাসায়নিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রাসায়নিক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে সিয়াম কমার্সিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
 
আগুন নেভানোর জন্য ব্যবহৃত গ্যাস ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে কর্মীদের মৃত্যু হয়। এই ধরনের গ্যাসগুলো ছড়িয়ে দেয়া হলে ওই যায়গাটি অক্সিজেনশূন্য হয়ে যায়। এই দুর্ঘটনায় আরো সাত জন আহত হয়েছেন।
 
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অসাবধানতাবশত 'পাইরোজেন' নামে একটি অ্যারোসল সিস্টেম চালু হয়ে গেলে ওই যায়গাটি অক্সিজেনশূন্য হয়ে পড়ে।
 
পাইরোজেন এক প্রকার গ্যাসের মিশ্রণ যেখানে পটাশিয়াম কার্বনেট, নাইট্রোজেন, কার্বান ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অ্যামোনিয়া থাকে। পাইরোজেন প্রয়োগ করলে অগ্নিকাণ্ডের স্থানটি অক্সিজেনবিহীন হয়ে আগুন নিভে যায়। সূত্র: বিবিসি