যশোর সদর উপজেলার ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি জেলা সম্পাদক দাবি করেন, ‘ক্ষমতাসীন দলের চাপে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামী ২২ মার্চ যশোরের মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে এবং ৩১ মার্চ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলাতেই মনোনয়নপত্র জমা দেয়ার আগে থেকেই বিএনপির প্রার্থীদের নানাভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ সদরের আরবপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী এনামুল হক চঞ্চল ও নরেন্দ্রপুরে বিএনপির প্রার্থী আবদুস সালামকে ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এখন এই তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র টিএস আইয়ুব, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হক, সহ সভাপতি মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা শাখার সভাপতি নুর উন নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা গোলাম মোস্তফা প্রমুখ।