বগুড়ার সোনাতলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত মংলু শেখ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল মান্নান এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত মংলু শেখ সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জেল্লার রহমান শেখের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নরেশ মুখার্জী জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে বিয়ের কথা বলে মংলু শেখ স্থানীয় এক ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটায়। এরপর সে বিয়ে করতে অস্বীকার করলে কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলায় সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করেছেন।