গৌরীপুর ও মঠবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগে সংঘর্ষ, ভাংচুর ও সহিংসতা অব্যাহত রয়েছে। গত রবিবার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। রাঙামাটির নানিয়ারচরে জেএসএস’র চেয়ারম্যান প্রার্থী পঞ্চানন চাকমাকে অপহরণ করেছে দূর্বৃত্তরা।
 
জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ অনুযায়ী, মেহেন্দিগঞ্জের ভাষানচরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার পাশাপাশি মোটরসাইকেল ও বাড়িঘর ভাংচুর করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
 
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লার ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। রিয়াজ মোল্লার সমর্থকরা  পাল্টা হামলা চালিয়ে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক আজাদের দুই জন সমর্থককে বেদম মারধর করেছে। গুরুতর অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘাতের ঘটনা ঘটে।
 
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহসিন ও কবিরকে নামে আওয়ামী লীগ প্রার্থীর দুই কর্মীকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। রিয়াজ মোল্লা নিজেও বরিশাল মহানগরের একটি হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় রিয়াজ মোল্লাকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
 
এ দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে গতকাল সোমবার সকালে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চুন্নুর কর্মীরা।
 
গৌরীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাঙচুর
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজার ও আশেপাশের গ্রামে গত রবিবার রাতে দফায় দফায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুশান্ত কুমার রায় তপনের সমর্থক ও বিএনপি মনোনীত প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে বাড়িঘর ও যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে।
 
রবিবার সন্ধ্যার পর উভয় প্রার্থীর সমর্থকরা গোবিন্দপুর বাজারে মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দু’দলের সমর্থকদের দু’দিকে সরিয়ে দেয়। পরে বিএনপি সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলা চালায়। রাতে আবার বিএনপি সমর্থকরা গোবিন্দপুর ও চল্লিশা কাউরাট গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায় এবং ৫/৬টি বাড়ি ভাংচুর করে। এসময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত আঃ কাদির(৫০) ও আসলাম(১৯)কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নানিয়ারচরের সাবেক চেয়ারম্যানকে অপহরন
 
রাঙ্গামাটির নানিয়ারচরে জেএসএস’র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলা সদরের সাতমারা এলাকা থেকে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। এমএন লারমার পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) এর মনোনয়ন নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি কাজ করছেন। রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো: শাহিনুর আলম খান জানান, অপহরণের ব্যাপারে গতকাল বিকালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
মঠবাড়িয়ায় আহত ২০
 
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত রবিবার ও গতকাল সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের হামলায় দুই নারীসহ ২০জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় টিকিকাটা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপনের সমর্থকরা স্থানীয় তেতুলতলা বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী মোশারফ সাকুর সমর্থকরা তাদের উপর হামলা চালায়।
 
অপর দিকে বড়মাছুয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিনের কর্মীরা রবিবার রাতে বড়মাছুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করে তালা লাগিয়ে দেয়। ওই দিন রাতেই তুষখালী বাজারে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৮ কর্মী আহত হয়। টিকিকাটা ও তুষখালী হামলার ঘটনায় থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। 
 
কাঠালিয়ায় সংঘর্ষ, মামলা
 
ঝালকাঠির কাঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম বুলবুলের সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন রিপনের সমর্থকদের সংঘর্ষে রিপনের কর্মী মো. আঃ লতিফ ডাকুয়া আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী ডাকুয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমানের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের কর্মীরা। এতে চারজন আহত হয়।
 
বামনায় বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুর
 
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শাহাজালালের সমর্থকরা গতকাল সোমবার ভোরে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ মিজানুর রহমানের গুদিঘাটা বাজারের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। এ সময় তারা একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুইজন আহত হয়।
 
কলারোয়ায় প্রচার মাইক ভাংচুর 
 
সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে গতকাল সোমবার বিকাল তিনটার দিকে বিএনপি প্রার্থী ইব্রাহীম হোসেনের প্রচার মাইক ভাংচুর করে তা কেড়ে নেয়া হয়েছে।
 
শ্যামনগরে ১২ নং গাবুরায় গত রবিবার আওয়ামী লীগ প্রার্থী আলী আযম টিটোর গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। গাড়ি বহরের দিকে ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এ সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহূত মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে মোটর সাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় স্বতন্ত্র প্রার্থী জহুরুল আলম হেনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে গগতকাল বিকালে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আনুলিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের ভাই আমিনুর রহমান জানান, তার ভাই চেয়ারম্যান প্রার্থী হলেও তাকে দীর্ঘদিন এলাকায় ঢুকতে দিচ্ছে না আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন। এদিকে আওয়ামী লীগের আলমগীর আলম লিটন জানান, বিএনপি’র নেতা-কর্মীরা তার নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।