এপ্রিলে সাশ্রয়ী ডিএসএলআর আনছে ক্যানন

ভালো প্রফেশনাল ক্যামেরা খুঁজেন অনেকেই। কিন্তু এর দামটা আকাশছোঁয়া হওয়ায় শেষমেশ আফসোসই সঙ্গী হয় তাদের। তবে এবার আর আফসোস নয়, কম দামেই মিলবে ক্যাননের নতুন ডিএসএলআর।  
 
চলতি বছরের এপ্রিল মাসেই ‘ইওএস ১৩০০ ডি’ নামের নতুন ওই ডিএসএলআর আনতে যাচ্ছে ক্যানন। ভারতের বাজারের জন্য নতুন এই ক্যামেরার লেন্স কিটসহ খরচ পড়বে ২৯ হাজার ৯৯৫ রুপি।
 
লেন্স কিটে থাকবে ইএফ-এস ১৮-৫৫ টু কিট লেন্স। পাশাপাশি ক্রেতাদের কাছে অন্য একটি অপশনও থাকবে। আর তা হল এই লেন্সের সঙ্গে ইএফ-এস ৫৫-২৫০ জুম লেন্সটি নিলে ক্যামেরা ও দু’টি লেন্স মিলিয়ে দাম পড়বে ৩৮ হাজার ৯৯৫ রুপি।
 
ইওএস ১৩০০ ডি-তে থাকছে ১৮ মেগাপিক্সেল এপিএস-সি সিএমওএস সেন্সর, আইএসও রেঞ্জ ১০০ থেকে ৬৪০০, ৩ ইঞ্চি এলসিডি মনিটর যার রেজ্যুলেশন ১২০০ডি থেকে বেশি, ইন-বিল্ট ওয়াই-ফাই এবং এনএফসি কানেক্টিভিটি যা ১২০০ ডি মডেলে ছিল না, ১০৮০ পি ভিডিও রেকর্ডিং ও ৯-পয়েন্ট অটোফোকাস সিস্টেম।
 
ছবি তোলা যাদের শখ তাদের জন্য অত্যন্ত ভাল ক্যামেরা ইওএস ১৩০০ ডি। আর যারা সদ্য ফটোগ্রাফি শিখছেন তাদের জন্য একে আদর্শ ক্যামেরা বলা যায়।