গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি লেগুনা খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোয়ালবাথান এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে কোনাবাড়ি থেকে উপজেলার বলিয়াদী যাওয়ার পথে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ঘটনাস্থলে লেগুনার চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লেগুনাটি সড়কের পাশ থেকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে লেগুনার ২০ যাত্রী আহত হন। হাসপাতালে নেয়ার পথে এদের মধ্যে একজন নিহত হন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।