আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুলজান বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে  উপজেলার মহাদিঘী এলাকার রেল লাইনের পাশ থেকে দুলজানের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত দুলজান বেওয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত গরিবুল ইসলামের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুলজান নিজ গ্রামের বাড়ি থেকে ছোট নাতিকে সঙ্গে নিয়ে বের হন। সকাল সাড়ে সাতটার দিকে মহাদিঘী এলকায় রেল লাইনের একটি ব্রিজ পার হওয়ার পার্বতী-রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। এ সময় তার সঙ্গে ছোট নাতি ব্রিজের নিচে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়। 
 
বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি) সান্তাহার থানার সেকেন্ড অফিসার আসাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।