দেবহাটায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০/১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় । আহতরা হলেন, বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলামের ভাই আসাদুল ইসলাম, ব্যক্তিগত ড্রাইভার সোহেল গাজী, সমর্থক কুলিয়া এলাকার মেম্বর মোশারফ হোসেন, আক্তারুল ইসলাম, জিয়াউর রহমান, মুকুল ও আজিজ এবং আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হকের ছেলে শরীফ হোসেন, ওমর ফারুক, আরিফ বিল্লাহ ও মিঠু । আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম জানান, তিনিসহ তার কর্মী-সমর্থকরা ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর জন্য মোটরসাইকেলে করে টিকেট যাচ্ছিলেন।কুলিয়া বাজার সংলগ্ন আশু মার্কেটের সামনে পৌঁছালে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আসাদুল হকের ছেলে শরীফ হোসেনের নেতৃত্বে ৬০/৭০ জন হকিস্টিক, রড ও রাম দা নিয়ে নিয়ে তাদের (ইমাদুলও তার কর্মী-সমর্থকদের) উপর অতর্কিতে হামলা চালায়। এতে তার ছয় কর্মী-সমর্থক আহত হন। এ সময় তার কর্মী-সমর্থকদের ১০/১২ টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
 
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাঙচুরসহ জীবননাশের হুমকি দিয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 
এদিকে, আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক জানান, ইমাদুলের লোকজন মিছিল নিয়ে পুষ্পকাটির দিকে যাচ্ছিল। এ সময় তার ছেলে শরীফসহ তার কর্মী-সমর্থকরা আশু মার্কেট এলাকায় গণসংযোগ করছিল। হঠাৎ ইমাদুলের লোকজন শরীফসহ তার কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে তার ছেলেসহ পাঁচ কর্মী-সমর্থক আহত হন।
 
দেবহাটা ইপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা বেগম ও এএসপি সার্কেল মীর মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।