ফরিদপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এক নং আমলি আদালত) আদালতে হাজির হন তিনি। আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক মো. হামিদুল ইসলাম তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী দিন ২৯ মে ধার্য করেছেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির এ মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে সমন জারি করে ১৫ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।