শালিখায় অপহরণের একদিন পর শিশু উদ্ধার

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার থেকে আপন ফুফা কর্তৃক অপহরণের একদিন পর শিশু মিমকে(৪) উদ্ধার করছে পুলিশ। মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়ার সূত্র ধরে তাকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
 
মিম শালিখার চিত্রা ব্রিকস ইট ভাটার শ্রমিক সাতক্ষীরার যুগিপুকুরিয়া গ্রামের শাহীন সরদারের একমাত্র মেয়ে। অপহরণকারী আলামিন মাগুরা সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রামের বাসিন্দা।
 
মিমের মা নাসিমা বলেন, ‘রবিবার বিকালে মিমকে সীমাখালী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাই। এ সময় আমার স্বামীও সঙ্গে ছিলেন। কিছু সময় পর আমার স্বামীর ভগ্নিপতি আলামিন মোল্যা ও তার সহযোগী নায়েব আলী এসে মিমকে মিষ্টি খাওয়ানোর কথা বলে নিয়ে যায় এবং দীর্ঘ সময়ে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাতে আলামিন মোবাইল ফোনে মিমের মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকার দাবি করে। মুক্তিপণ না দিলে মিমকে মেরে ফেলার হুমবি দেয়া হয়। নিরূপায় হয়ে থানায় অভিযোগ করি। পুলিশ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মিমকে উদ্ধার করে। আমি ওদের ফাঁসি চাই।’
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিম অপহরণের সংবাদ পেয়ে আমরা অভিযান শুরু করি। এএসআই হাফিজ ছদ্মবেশে অভিভাবক সেজে মিমকে উদ্ধার করতে গেলে মুক্তিপণ ছাড়া মিমকে ফেরত দিতে তারা রাজি হয় না। তাৎক্ষণিভাবে ১০ হাজার টাকা প্রদান করলে অপহরনকারী নায়েব আলী মিমকে ফেরত দেয়। এ সময় মহম্মদপুর থানার পুলিশের সহযোগীতায় নায়েব আলীকে গ্রেফতার করা হয়। নায়েব আলীর স্বীকারোক্তিতে আলামিনকে  ফরিদপুরের মধুখালী উপজেলার ম্যাকচামি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।’