ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোডের পুলিয়া বাসস্ট্যান্ড, ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ড ও পুখুরিয়া নামক স্থানে গাছের গুড়ি ফেলে তিন ঘন্টা সড়ক অবরোধ করেছে স্বতন্ত্র মেয়রের সমর্থকরা।
সোমবার রাতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু জাফর মুন্সির বেশ কয়েকটি প্রচারণা ক্যাম্প ও তার ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকাল নয়টা থেকে এর প্রতিবাদে ওই মহাসড়কে সড়ক অবরোধ করে এ প্রার্থীর সমর্থকরা। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই ধারে কয়েক হাজার যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। খবর পেয়ে ফরিদপুর সহকারী পুলিশ সুপার, মাদারীপুর সহকারী পুলিশ সুপার, ফরিদপুর জেলা প্রশাসকের প্রতিনিধিসহ র্যাব ঘটনাস্থলে পৌছায়। অবরোধকারীরা ক্যাম্প ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। দুপুরে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনে সঙ্গে বৈঠক করে। অবরোধকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।
IMG0
পুলিয়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত ভাষণে এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর মুন্সি যখন নিশ্চিত বিজয়দের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন কাজী জাফর উল্লাহর সমর্থিত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আবু রেজা মো. ফয়েজ উল্টাপাল্টা কাজ করছে। তিনি বলেন, ২০ মার্চ পৌর নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে জোরালো পদক্ষেপ নেয়ার জোর দাবি করেন।
উল্লেখ্য, ভাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাফর মুন্সীর কর্মী ডা. রেজাউল করীম নির্বাচনী ক্যাম্পিং এ গেলে তাকে হেনস্থা করে সরকার দলীয় প্রার্থী আবু রেজা ফয়েজ এর সমর্থকরা। বিষয়টি জানতে পেরে স্বতন্ত্র প্রার্থী ঘটনাস্থলে গেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুরের নেতৃত্বে তাকেও হেনস্থা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে সরকার সমর্থকরা। আবু জাফর মুন্সি তার সমর্থকদের নিয়ে সে সময় উপজেলা পরিষদের ভেতরে আশ্রয় নেয়। ঘণ্টা খানেক তিনি উপজেলা পরিষদে জিম্মিদশা থেকে বের হয়ে তার সমর্থকদের নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাঙচুর করে উভয়ের সমর্থকরা। রাতে পুলিশ পরিবেশ নিয়ন্ত্রনে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে মহাসড়কের কয়েকটি পয়েন্টে জরো হয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধ করে।