চীন মাতিয়ে ভারতে ‘লেনোভো ভাইব ৫কে প্লাস’

বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের মোবাইল ডিভাইস নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনোভো অন্যতম একটি। স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কনফিগারেশনের তুলনায় সাশ্রয়ী ‘লেনোভো ভাইব ৫কে প্লাস’ আনে প্রতিষ্ঠানটি।
 
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা এই ফোন প্রথমে ছাড়া হয় চীনের বাজারে। এবার বিকাশমান স্মার্টফোনের বাজারে আসছে ডিভাইসটি। শুরুতে এই ফোন ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে।
 
ভারতে ৮ হাজার ৪৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে লেনোভো ভাইব ৫কে প্লাস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৯০০ টাকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ফুল-এইচডি ডিসপ্লে (১০৮০x১৯২০ পিক্সেল)। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ কোয়াড-কোর এসওসি এর সাথে ৪০৫ জিপিইউ এবং ২ জিবি র‍্যাম।
 
এতে আরো আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
 
কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪.১, মাইক্রো-ইউএসবি ২.০। ব্যাটারি রয়েছে ২৭৫০ এমএএইচের।
 
লেনোভো কে৫ প্লাস স্মার্টফোনে রয়েছে ডুয়েল সিম সুবিধা, ফোরজি এলটিই কানেক্টিভিটি।
 
সিলভার, গ্রে এবং গোল্ড এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।