বাংলাদেশকে বাদ দিয়ে পৃথিবীর অগ্রযাত্রা সম্ভব নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে পৃথিবী এগিয়ে যেতে পারবে না। পৃথিবীর অগ্রযাত্রায় বাংলাদেশের তরুণরাই অগ্রণী ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্য তৈরির পেছনে রয়েছে বাংলাদেশের অশিক্ষিত শ্রমজীবীদের অক্লান্ত পরিশ্রম। এভাবে পৃথিবীর সব উন্নয়নেই বাংলাদেশকে তাদের প্রয়োজন। তাই কোন হতাশায় না ডুবে তরুণদের তৈরি হতে হবে। তাদের সহযোগিতায় সরকার সব সময় এগিয়ে আসবে।
 
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের গ্যালারি কক্ষে আয়োজিত ‘ইয়ুথফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রাজশাহী বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ইউথফেস্টের আয়োজন করে।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণদের সামনে রেখে বর্তমান সরকার ভবিষ্যৎ ব্যাপক পরিকল্পনা সাজিয়েছে। কারণ এদেশের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরে নিচে। এই বিশাল সংখ্যক কর্মদক্ষ তরুণরাই পারে দেশকে এগিয়ে নিতে। তাদের জন্য সরকারের নানা কর্মসূচি আছে। তরুণদের এসব কর্মসূচি সম্পর্কে জানতে হবে এবং অধিকার আদায় করে নিতে হবে। সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে।’
 
অনুষ্ঠানে রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ইউথফেস্টের রাজশাহী বিভাগীয় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।