মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নরওয়ের খুনি ব্রেইভিকের

অন্যদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় বন্দি রাখায় সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে আদালতে অভিযোগ করেছে নরওয়েতে নির্বিচারে মানুষ হত্যাকারী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক।
 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে ব্রেইভিক এই অভিযোগ করেন। আদালতে ঢুকেই তিনি নাৎসি কায়দায় স্যালুট জানান।
 
কারাগারে নিজের বন্দিত্বকে ‘অত্যাচারের’ সঙ্গে তুলনা করেন তিনি। তবে সরকার জানিয়েছে, আইনের ভেতর থেকেই তার সঙ্গে আচরণ করা হচ্ছে।
 
২০১১ সালের জুলাই মাসে বোমা বিস্ফোরণ ও একটি যুব সম্মেলনে নির্বিচারে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করেছিলেন ব্রেইভিক। উটোয়া দ্বীপে লেবার পার্টির গ্রীষ্মকালীন ক্যাম্পে নিহতদের মধ্যে অনেকেই কিশোর বয়সী ছিলেন।
 
২০১২ সালে ব্রেইভিককে ২১ বছরের সাজা দেয় দেশটির আদালত। তাকে অসলো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্কিয়েন কারাগারে রাখা হয়েছে। সূত্র: বিবিসি