অবৈধ গ্যাস সংযোগ: আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানে জড়িত অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক ও আব্দুর রউফ সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি. এর সার্বিক কার্যক্রম এবং উক্ত কোম্পানির বিগত পাঁচ বছরের অডিট আপত্তি সম্পর্কে আলোচনা করা হয়।
 
সভায় জানানো হয়, তিতাস গ্যাস কোম্পানি বর্তমানে ১২ হাজার ৮৮৯ কি.মি. পাইপ লাইনের মাধ্যমে গত ৩০ জুন পর্যন্ত ১৮ লাখ ৯৭ হাজার ৩১৭ জন গ্রাহককে সেবা প্রদান করছে। অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে গত ডিসেম্বর পর্যন্ত মোট ১৯৯টি অভিযানের মাধ্যমে প্রায় ৩১৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
সভায় আরো জানানো হয়, ২০১০-১১ হতে ২০১৪-১৫ পর্যন্ত কোম্পানির অডিট আপত্তির সংখ্যা ২৩৩টি যাতে জড়িত অর্থের পরিমাণ ৩ হাজার ১৩৮ কোটি ৩৮ লাখ টাকা যার মধ্যে ২১টি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে।
 
সভায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অবৈধ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করে ক্রমবর্ধমান সিস্টেম লস কমিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। 
 
গত পাঁচ বছরে বিপুল সংখ্যক অডিট আপত্তি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। সভায় নতুন করে প্রাপ্ত বিপুল আয়তনের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান করে অব্যাহত চাহিদা পূরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ফোকাস বাংলা।