হবিগঞ্জ, গোপালগঞ্জের মুকসুদপুর ও ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তিন আনসার সদস্যসহ ৫ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ আনসার ভিডিপি সদস্য নিহত হয়েছে। সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং পুরাসুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাতেশ্বর গ্রামের জিয়াউর রহমান, বিজয়নগর উপজেলার পাঁচগাঁও গ্রামের মো. শরীফ মিয়া ও নাছিরনগর উপজেলার নচলন্দপুর গ্রামের বাবুল মিয়া। আহত হন অন্তত ৪০ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও আহত আনসার সদস্যরা জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আনসার ভিডিপি সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণের শেষ দিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ৩টি বাসযোগে ১৬৪ জন সদস্য সেখানে ফায়ারিংয়ে অংশ নিতে রওয়ানা হন। সকালে তারা সুতাং পুরাসুন্দা এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে আনসার সদস্যবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তায় উল্টে দুমড়ে মুচড়ে গেলে ৪৫ জন আহত হন।
তাত্ক্ষণিক তাদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আনসার এডজ্যুডেন্ট মাহবুবুর রহমান।
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী চুমুরদী নামক স্থানে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভাংগাগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী সাগর সরদার নয়ন বেপারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাতাবালী গ্রামে।
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ছকড়িকান্দি নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক আড়াইটার দিকে কামারখালী হতে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির চালকসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে ভর্তি হয়েছে। অন্যদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরাদুল হক, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার লুত্ফুন নাহার, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন পরিদর্শন করেছেন।