শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হুয়ানফ্রানের জয়সূচক গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নেদারল্যান্ডসের দল পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দিয়েগো সিমিওনের দলের জয়টি ৮-৭ গোলের।
গত ফেব্রুয়ারিতে আইন্দহোভেনের মাঠে প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর মঙ্গলবার রাতে অ্যাটলেটিকোর মাঠেও নির্ধারিত সময় একই স্কোরলাইনে শেষ হয়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও গোলশূন্য স্কোরে কোনো পরিবর্তন না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম নকআউট পর্বের কোনো লড়াই দুই লেগই গোলশূন্য ড্রয়ে শেষ হলো।
টাইব্রেকার ভাগ্যে আইন্দহোভেনের লুসিয়ানো নারসিঙ্গের শট ওপরের পোস্টে লেগে প্রতিহত হলে অ্যাটলেটিকোর হুয়ানফ্রানের সামনে আসে দলকে কোয়ার্টার-ফাইনালের তোলার সুযোগ। আর তা কাজে লাগিয়ে এই স্প্যানিশ ডিফেন্ডার ভিসেন্তে কালদেরনের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন। টাইব্রেকারে আইন্দহোভেনের মার্কো ফন, আন্দ্রেস গুয়ারদাদো, ডেভি প্রোপার, জেফ্রি ব্রুমা, হেক্টর মরেনো, ম্যাক্সিম লেসতিয়েনে, সান্তিয়াগো আরিয়াস লক্ষ্যভেদ করেন।
২০১৩-১৪ মৌসুমের রানার্স আপ অ্যাটলেটিকোর পক্ষে টাইব্রেকারে শট নেওয়া আন্তোনিও গ্রিজমান, গাবি, কোকে, সাউল নিগুয়েস, ফার্নান্দো তোরেস, হোসে হিমেনেস, হোসে ফিলিপে ও সবশেষে হুয়ানফ্রান ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন। এরই সঙ্গে ইউরোপীয় প্রতিযোগিতায় আইন্দহোভেনের কাছে অজেয়ই থাকল অ্যাটলেটিকো। আগের তিন দেখায় একটি ড্র ও দুটি জয় স্পেনের দলটির।
নিজেদের মাঠে প্রথমার্ধে আইন্দহোভেনের রক্ষণে চাপ অব্যাহত রাখে অ্যাটলেটিকো। কিন্তু পঞ্চদশ মিনিটে হুয়ানফ্রান, কোকে হয়ে পাওয়া বল থেকে গ্রিজমান লক্ষ্যভেদে ব্যর্থ হলে দারুণ সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আইন্দহোভেন। কিন্তু ৫৮তম মিনিটে গুয়ারদাদোর বাড়ানো বলে নেদারল্যান্ডসের ইয়ুর্গেন লুকাডিয়ার নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক।
৫৪তম মিনিটে বদলি হিসেবে তোরেস নামলে অ্যাটলেটিকোর আক্রমণের গতি আরও বাড়ে। কিন্তু ৭৪তম মিনিটে স্পেনের এই ফরোয়ার্ডের শট অল্পের জন্য ওপরের জালে পড়লে হতাশ হতে হয় লা লিগার সর্বশেষ চার ম্যাচে জেতা দলটিকে। ৮৪তম মিনিটে সিমিওনের হতাশা আরও বাড়ে। তোরেসের শট এবার আইন্দহোভেনের গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফেরে। অতিরিক্ত সময়ে আইন্দহোভেনের চেয়ে আক্রমণে এগিয়ে থেকেও অ্যাটলেটিকো গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর তাতে হুয়ানফ্রানের হাত ধরে স্নায়ুর চাপে ঠাসা টাইব্রেকার বাধা পেরিয়ে সেরা আটে ওঠে অ্যাটলেটিকো। গোল.কম।
।