শনির চর। ১৯৭১ সাল। দেশজুড়ে দাউ দাউ করে জ্বলছে মহান মুক্তিযুদ্ধের আগুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পর পরই দেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে। যুদ্ধের সময় তৈরি হয় পাঁচ জনের গেরিলা গ্রুপ—শামসু বাহিনী। দলে আছে শামসু, সজল, বদি, তাপস আর কবির।
প্রচণ্ড যুদ্ধের পরে শামসুরা মুক্ত করে শনির চর, দখল করে নেয় এখানে থাকা পাকিস্তানি আউট পোস্ট। কিন্তু শহীদ হয় সজল। সহযোদ্ধার মৃত্যুতে প্রতিশোধের আগুনে প্রদীপ্ত হয় শামসু বাহিনী। খবর আসে ঘৃণ্য পাকিস্তানি সৈন্যরা কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে গেছে দুই-তিন মাইল দূরে ঊল্লার হাটে একটা টর্চার ক্যাম্পে। তাদের দায়িত্ব এই ক্যাম্প দখল করে অপহরণ হওয়া মেয়েদের মুক্ত করা।
চারজনের দল নিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ে এই বীরাঙ্গনাদের মুক্ত করার জন্য। ওদের বিরুদ্ধে ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি নরপশুদের একটা হিংস্র দল। প্রচণ্ড যুদ্ধের মধ্যেও ওদের সামনে চ্যালেঞ্জ অপহৃত মা-বোনদের সবাইকে নিরাপদে উদ্ধার করা। এই টর্চার ক্যাম্পেই শামসু বাহিনীর সঙ্গে দেখা হয় অনিলার। পৈশাচিক অত্যাচারের মুখেও অবিচল থাকা এই মেয়েটিও যোগ দেয় ওদের সঙ্গে...
‘হিরোস অব ৭১’-এর ধারাবাহিকতায় এবারের ২৬ মার্চ আসছে ‘হিরোস অব ৭১ :রিটেলিয়েশন’। নতুন গেম, নতুন মিশন, থাকছে নতুন ক্যারেক্টারও।
এই নতুন নারী যোদ্ধাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে খুব জলদি। অপেক্ষা করুন ২৬ মার্চ পর্যন্ত।