ওকাপিয়ার সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ‘সিগনেচার’ বাজারে

দেশের বাজারে নতুন এক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে ওকাপিয়া মোবাইল। ‘সিগনেচার’ নামের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি রাজধানীর উত্তরায় নিজেদের করপোরেট অফিসে উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
 
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ ভিত্তিক এই ফ্ল্যাগশিপ ফোনটি কিনতে খরচ পড়বে ৯ হাজার ৯৯০ টাকা। পাশাপাশি থাকবে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
 
মেটালিক বডির ‘সিগনেচার’ ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস ও পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি মাপের বাঁকানো গ্লাস।
 
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। জেশ্চার কন্ট্রোল দেয়া হয়েছে ফোনটিতে।
 
‘সিগনেচার’ স্মার্টফোনটিতে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) ‘ওকাপিয়া গোল্ড’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্য ডিভাইস বা পেনড্রাইভ স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে রয়েছে অন-দ্যা-গো বা ওটিজি ফিচার।
 
এছাড়া, বিল্টইন হট-নট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ছবি, গান, ভিডিও কিংবা অন্য কোনো ফাইল আদান-প্রদান করতে পারবেন।