বিশ্ব টি-২০তে বুকিদের ২৫ হাজার কোটি রূপির বাণিজ্য!

ভারতে বিশ্ব টি টোয়েন্টি ঘিরে চলছে বাজিকরদের মহোৎসব। টি টোয়েন্টির সর্বোচ্চ এই প্রতিযোগিতা ঘিরে প্রায় ২৫ হাজার কোটি রূপির বাণিজ্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
 
২০১৩ সালে আইপিএলে বুকিদের কেলেঙ্কারির  জন্য রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে বরখাস্ত করা হয়। বিসিসিআইয়ের দাপুটে প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে পদত্যাগ করতে হয়। এরপরে তাদের দৌরাত্ম কমে আসলেও বিশ্ব টি টোয়েন্টি ঘিরে আবার তারা পুনরুজ্জীবিত হয়েছে। এবারের বিশ্ব টি টোয়েন্টি জেতার জন্য ফেবারিট ভারত প্রথম ম্যাচে ৪৭ রানে হারলেও বুকিদের চোখে সবচেয়ে ফেবারিট ভারতই।  ভারতের শিরোপা জেতার পক্ষে কেউ ১রূপি বাজি ধরলে ফেরত পাবে ২ টাকা ৩০ পয়সা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা ৫ রূপি, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে ৫.৫০ ও ইংল্যান্ড জিতলে ১ টাকার বদলে ৬.৫০ রূপি পাবে। টি টোয়েন্টি স্পেশালিস্টে গড়া দল ওয়েস্ট ইন্ডিজ জিতলে ১৭ রূপি এবং পাকিস্তান জিতলে ১৯ রূপি পাওয়া যাবে। বর্তমান শিরোপাধারী শ্রীলঙ্কার সম্ভাবনাও দেখছে না বুকিরা, এজন্যই শ্রীলঙ্কার পক্ষে কেউ ১ রূপি বাজি ধরলে ২৭ গুণ ফেরত পাবে! আর বাংলাদেশের শিরোপা জিতলে সেটা হবে ১ রূপিতে ৪৭ রূপি!
 
দল ছাড়াও সেঞ্চুরির সংখ্যা, এক ওভারে ছয় ছক্কা, মোট ছক্কা ও চারের সংখ্যা, দ্রুততম ফিফটি, হ্যাটট্রিক সহ কোন দল অপরাজিত থাকবে সেটা নিয়ে বাজি ধরা হচ্ছে। বাজিকরদের দরে ব্যাটিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন বিরাট কোহলি, বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন।  ক্রিকেট বাজিকরদের শস্যক্ষেত্র মুম্বাই পুলিশ বাজিকরদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সজাগ রয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি। তিনি বলেন, আমরা পুরোনো ও বড় বুকিদের উপর নজর রাখছি যাতে বিশ্ব টি টোয়েন্টির সময় কোনো বেটিং না হতে পারে। তবে বুকিরা এখন গুজরাট ও রাজস্থানের ছোট ছোট শহর থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।  হিন্দুস্তান টাইমস।