টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনতে চেয়েছিলেন শাহরুখ!

সু-অভিনেতা হিসেবে তার খ্যাতি রয়েছে পৃথিবী জুড়ে। আর সেই শাহরুখ খানই নাকি টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছিলেন!
 
না, এটা কোনো ভুয়া খবর নয়। এই কথা নিজ মুখেই জানিয়েছেন বলিউড বাদশা।
 
শাহরুখের বরাত দিয়ে ডেক্কান ক্রনিক্যাল জানিয়েছে, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনতে চেয়েছিলেন ‘কিং খান’।
 
১৯৯৪ সালের এক সাক্ষাৎকারে শাহরুখকে ছেঁকে ধরা হয়েছিল বেশ কিছু নির্মম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অভিযোগগুলো ছিল তার স্বভাবজাত ঔদ্ধত্য, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনতে চাওয়া!
 
শাহরুখ একটা প্রশ্নও এড়িয়ে যাননি। বরং সোজা-সাপটা জানিয়েছেন, নিতান্ত বাধ্য হলে তবেই মানুষ এরকম করে!
 
তার ভাষায়, ‘দেখুন, একজন মানুষ যখন কোনও কিছু পাওয়ার জন্য নিতান্ত আগ্রহী হয়ে ওঠেন, তখন আপসেই আদর্শরেখা থেকে তার বিচ্যুতি ঘটে। অন্য কোনও কিছু তার আর তখন খেয়াল থাকে না। আমিও সেরকমই সে বছরের সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। তাই ওই অ্যাওয়ার্ডটা যারা দিচ্ছেন, একদিন গিয়ে হানা দিলাম তাদের অফিসে। গিয়ে এডিটরকে বললাম, আমার অ্যাওয়ার্ডটা চাই। এর জন্য যদি পয়সা দিতে হয়, আমি রাজি আছি।’
 
তবে সে বছরের সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা শাহরুখ পাননি! কে জানতেন, তার বেশ কয়েক বছর পর থেকে এই অ্যাওয়ার্ড প্রায় একচেটিয়াভাবে আসবে তার কাছেই!
 
কিন্তু রহস্যটা কী? ফের টাকার খেলা? নাকি 'ওম শান্তি ওম' ছবিতে পাওলো কোহেলোর 'দ্য অ্যালকেমিস্ট' থেকে যে সংলাপ আওড়েছিলেন শাহরুখ, সেটাই সত্যি? এতটাই ব্যগ্র হয়ে যে জিনিসটা বহু দিন ধরে চেয়ে এসেছেন তিনি, সারা পৃথিবী সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটাই তুলে দিল তাঁর হাতে? কে জানে!