রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

 
রাজনৈতিক দলসমূহের কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারী প্রতিনিধি রাখা সংক্রান্ত গণপ্রতিনিধিত্বের আদেশ ৯০ (খ).(১)(খ)(আ) ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
 
বুধবার নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে এই রিট দায়ের করেন। ২০ মার্চ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজেক আল জলিলের বেঞ্চে এই বিষয়ে শুনানি হতে পারে। 
 
রিট আবেদনে আইনসচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
 
আবেদনের বলা হয়েছে, রাজনীতির প্রতি বর্তমানে সাধারণ মানুষের বিশেষ করে নারীতের তীব্র অনীহা সৃষ্টি হয়েছে।কোনো ভাল মানুষ সহসা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চান না। সেখানে রাজনৈতিক দলসমূহের সকল কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্ত করা অসম্ভব।
 
আবেদনের আরো বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নারী প্রতিনিধি শতকরা ১৫ ভাগ ও বিএনপিতে ১২ ভাগ আছে। ২০২০ সালের মধ্যে ৩৩ ভাগ নারী প্রতিনিধি অন্তর্ভুক্তির শর্ত দিয়ে যেসব রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হয়েছে তারা কেউ শর্ত পূর্ণ করতে পারবে না। সুতরাং এই বিধার রাখার যৌক্তিকতা নেই। এই বিধানের ফলে নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফলে এই বিধান অবিলম্বে বাতিল করা প্রয়োজন।