কক্সবাজারে বিধ্বস্ত বিমানের ৩ ক্রুর লাশ হস্তান্তর

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্তে নিহত পাইটলসহ নিহত তিন বিদেশির লাশ বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের পৌঁছে দিতে বুধবার বিকালে বিমান সংস্থাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।
 
তিনি বলেন, বিকালে তাদের মৃতদেহ তারা গ্রহণ করেছেন। মৃতদেহ তিনটি এখনো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে জানিয়ে এসআই রহিম বলেন, এখন তারাই সিদ্ধান্ত নেবে কখন এবং কীভাবে মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছাবেন।
 
বিষয়টি নিয়ে কথা বলতে ট্রু এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটির পক্ষে কেউ কথা বলতে রাজি হননি।
 
গত ৯ মার্চ সকালে ট্রু এভিয়েশনের একটি কার্গো বিমান কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ তিন ক্রু নিহত হন। আহত হয়েছেন আরো এক বিদেশি। বিমানটি চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। নিহতরা হলেন বিমানটির পাইলট মুরাদ কাপারত, ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ আন্দ্রে ও কো-পাইলট ইভান ডেমান।