আঙ্কারা হামলার পর তুরস্কের দক্ষিণাঞ্চলে তীব্র লড়াই

 
তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী হামলায় ৩৭ জন নিহত হওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে যোদ্ধারা ওই এলাকার সড়ক অবরোধ করে রেখে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে। সরকারি বাহিনী এলাকাটিতে ট্যাঙ্ক মোতায়েন করেছে। সেই সঙ্গে আকাশপথে হেলিকপ্টার দিয়েও হামলা চালানো হচ্ছে।
 
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় দিয়ারবাকিরে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের খবর পাওয়া গেছে। ওই এলাকাটি কুর্দি অধ্যুষিত। এখন পর্যন্ত সেখানে তিন জন কুর্দি যোদ্ধা ও একজন পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির নুসায়বিন শহরে দ্বিতীয় অপর এক পুলিশ নিহত হয়েছে।
 
রবিবার আঙ্কারায় জনাকীর্ণ পরিবহন এলাকায় গাড়ি বোমা হামলায় ৩৭ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হন। হামলার দায় কেউ স্বীকার না করলেও পিকেকে'কে দায়ী করছে সরকার। সূত্র: রয়টার্স